
নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি.
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-২ (সদর) আসনে নির্বাচনী মাঠে ভিন্ন এক চিত্র দেখা যাচ্ছে। দলীয় বিভাজনের বাইরে এসে জেলার উন্নয়নের প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে একজোট হয়ে মাঠে কাজ করছেন।
নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই তুহিনের সমর্থনে ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে এই ঐক্য। বিশেষ করে জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক সমর্থন ঘোষণার পর মাঠের পরিস্থিতিতে নতুন গতি এসেছে। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ কে এম সাজ্জাদ পারভেজ বলেন, নীলফামারীর সার্বিক উন্নয়ন ও জনস্বার্থকে প্রাধান্য দিয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দলীয় নেতাকর্মীদের ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে স্থানীয় পর্যায় থেকেও সমর্থন বাড়ছে। ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বিএনপিতে যোগ দিয়ে তুহিনের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি ও তার সমর্থকরা মাঠে সক্রিয় থাকবেন।
শুধু বর্তমান চেয়ারম্যানই নন, বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিরাও ধানের শীষের পক্ষে কাজ শুরু করেছেন বলে জানা গেছে। স্থানীয় পর্যায়ে কর্মী-সমর্থকদের মধ্যে সমন্বয় করে প্রচারণা চালানো হচ্ছে।
জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল বলেন, নীলফামারীর উন্নয়ন ও গণমানুষের স্বার্থে ভিন্ন রাজনৈতিক মতের নেতারাও এখন ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করছেন। জাতীয় পার্টিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এই সমর্থন নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলছে।
স্থানীয়দের মতে, দলীয় সীমারেখার বাইরে গিয়ে উন্নয়নকেন্দ্রিক এই সমর্থন নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করেছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই এই ঐক্যের পরিধি বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



