
নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে মহিলা কর্মী-সমর্থকদের একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এটি স্মরণকালের সর্ববৃহৎ মহিলা মিছিল। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এ মিছিলের অগ্রভাগে ছিলেন নীলফামারী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নীলফামারী বড় বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে সকাল ৯টা থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মহিলা কর্মী ও সমর্থকরা রিকশা, ভ্যান, অটোরিকশা ও পায়ে হেঁটে বড় বাজার এলাকায় জড়ো হতে থাকেন। এক ঘণ্টার মধ্যে বড় বাজার, ফায়ার সার্ভিস মোড়, কিচেন মার্কেটসহ আশপাশের এলাকা অংশগ্রহণকারীদের উপস্থিতিতে ভরে যায়। পরে মিছিলটি শুরু হলে শহরের বিভিন্ন সড়কে দীর্ঘ সারি দেখা যায়।



