চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সামান্য বৃষ্টিতেই সড়ক ডুবে যাওয়ার সমস্যা নতুন নয়, তবে সাম্প্রতিক বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। চার দিন আগে হওয়া বৃষ্টির পানিতে উপজেলার গুরুত্বপূর্ণ গার্লস স্কুল সড়কের একটি বড় অংশ এখনো জলাবদ্ধ হয়ে আছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, শাহজালাল ব্যাংকের সামনে থেকে গ্রামীণ ব্যাংক পর্যন্ত প্রায় পুরো সড়কজুড়ে পানি জমে আছে।
স্থানীয়দের অভিযোগ, গত পাঁচ থেকে ছয় বছর ধরে সড়কটির এমন বেহাল অবস্থা বিরাজ করছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকে দিনের পর দিন। ড্রেনেজ ব্যবস্থার অভে এই সমস্যার মূল কারণ হিসেবে দায়ী করছেন তারা।
একাধিক শিক্ষার্থী জানায়, প্রতিদিন স্কুলে যেতে এই সড়ক পার হতে গিয়ে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় জুতা হাতে নিয়ে পানির মধ্যে হেঁটে যেতে হয়। এতে যেমন শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।
এলাকার ব্যবসায়ীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, সড়কের এই অবস্থার কারণে ক্রেতারা দোকানে আসতে অনাগ্রহী হয়ে পড়ছেন, ফলে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির সংস্কার এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত উদ্যোগ নেওয়া হবে এবং দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটবে।