
নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও কিশোর গ্যাং দমন এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন।
রোববার (১৭ মে) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও অপরাধ প্রবণতার বিষয় তুলে ধরে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সাংবাদিকরা বিশেষ করে মাদকের বিস্তার, অনলাইন জুয়া, ভিসা প্রতারণা, চুরি-ছিনতাই, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের আরও তৎপর ও জবাবদিহিমূলক ভূমিকা সময়ের দাবি।
জবাবে পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন বলেন, “নীলফামারীতে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, ভিসা প্রতারণা ও চুরিসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।”
তিনি আরও বলেন, “পুলিশের কাজ হবে সম্পূর্ণ স্বচ্ছ ও জনগণমুখী। এখানে অস্বচ্ছ কাজ বলতে কিছু থাকবে না। জনগণের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা সবাই মিলে ‘টিম নীলফামারী’ হিসেবে কাজ করতে চাই।”
নবাগত এসপি আরও জানান, থানাগুলোতে সেবার মান বৃদ্ধি, দ্রুত অভিযোগ গ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করতেই তিনি কাজ করতে চান বলেও উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাহ মিলনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply