
চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় খাল খনন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার দুটি ইউনিয়নে মোট ৬ কিলোমিটার এলাকায় এ কর্মসূচী আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের সবুল্ল্যা শিকদার ডাঙ্গী গ্রামের জাকেরের সুরা ব্রিজ থেকে সর্দার বাড়ী ব্রিজের পশ্চিম পাড় পর্যন্ত ৩ কিলোমিটার এবং গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজার থেকে তেইলী বাড়ী গ্রামের রোকনের বাড়ী পর্যন্ত আরও ৩ কিলোমিটার খাল খনন করা হবে। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এবং মোড়ক উন্মোচনের মাধ্যমে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম মেশকাতুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এক সময় বাংলাদেশ ছিল নদীমাতৃক দেশ, যেখানে নদীতে মাছ এবং কৃষকের ঘরে ধানের প্রাচুর্য ছিল। কিন্তু বিভিন্ন কারণে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে গেছে। তিনি বলেন, নদী ও খাল পুনরুদ্ধারের মাধ্যমে দেশের পরিবেশ, কৃষি এবং জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব।
তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে কৃষিতে সেচের পানি সরবরাহ নিশ্চিত হবে, ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক থাকবে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য বজায় থাকবে। পাশাপাশি খালের দুই পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ আরও উন্নত করা হবে।
তিনি এ কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।