ফরিদপুরের চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার মাথাভাঙ্গা ও মৌলভীরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে মৌলভীরচর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।