কুড়িগ্রাম প্রতিনিধি
"ন্যায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে,জীবাশ্ম-মুক্ত ভবিষ্যৎ গড়ি একসাথে' এই স্লোগানে জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা চরাঞ্চলের অর্ধ শতাধিক নারী-পুরুষ এবং তরুণ-তরুণী এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
শুক্রবার (৮ মে) দুপুরে জেলা সদরের চর যাত্রাপুর ইউনিয়নের চর ইয়ুথনেটে ব্রহ্মপুত্র নদের পাড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জলবায়ু সুবিচার নিয়ে কাজ করা ইয়ুথনেট গ্লোবাল কুড়িগ্রাম টিমের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে এসওএস চিলড্রেন ভিলেজ এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী উপকূলীয় জনগোষ্ঠী হলেও এর জন্য দায়ী নয় তারা। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে বিশ্বকে দ্রুত এগিয়ে যেতে হবে। উন্নত বিশ্বের অনিয়ন্ত্রিত নিঃসরণের মাত্রা পৃথিবীকে এক ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে। নিঃসরণকে নির্ধারিত মাত্রায় আনতে না পারলে বৈশ্বিক গড় উষ্ণায়নকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা সম্ভব হবে না, যা পৃথিবীর জন্য বিশাল ক্ষতি বয়ে আনবে। শিল্পবিপ্লবের পর থেকে যারা এই ক্ষতির ইতিহাস তৈরি করেছে, তারা আজ এই ক্ষতির দায় নিতে নারাজ। তাই একটা সুরক্ষিত সবুজ পৃথিবীর জন্য আমরা পুরো বিশ্ব যে যার স্থলে একত্রিত হচ্ছি জলবায়ু সুবিচারের প্রত্যাশায়।
ইয়ুথনেট গ্লোবালের আঞ্চলিক সমন্বয়ক সুজন মোহন্ত বলেন, চরাঞ্চলের মানুষ প্রতিনিয়ত পরিবেশের সাথে লড়াই করে টিকে আছে। নদী ভাঙনে মানুষ বাস্তু হারা হচ্ছেন। আবাসন সংকট ও দুর্যোগের সঙ্গে লড়াই করছে। অথচ জলবায়ু সংকট তৈরিতে আমাদের ভূমিকা খুবই কম। তাই আমরা একটি ফসিল ফ্রি ভবিষ্যতের দাবিতে বিশ্বব্যাপী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি।'
এসওএস চিলড্রেন ভিলেজ কুড়িগ্রামের সহকারী প্রোগ্রাম অফিসার ফাহমিদা ইসলাম বলেন,'যুবসমাজ এখন আর নীরব নয় আমাদের ভবিষ্যৎ রক্ষায় এখনই কার্যকর জলবায়ু পদক্ষেপ নিতে হবে। জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের আরও সংগঠিত হতে হবে। চরের বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য।'
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের ফিল্ড অফিসার সুলতানা রাজিয়া, ইয়ুথনেট গ্লোবালের জেলা টিমের সমন্বয়ক মার্জিয়া মেধা, রাকিবুল ইসলাম, নাজমুল হোসেন, রিফাত রাসেল,যুবায়ের,বায়েজিদ,সায়মা সুলতানা,ফাহিম প্রমুখ।