
নীলফামারী প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারীতে এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। শনিবার (২১ মার্চ) ঈদের নামাজ শেষে শহরের সরকারি শিশু পরিবার (এতিমখানা) পরিদর্শন করে শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় শিশুদের হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। স্নেহভরা মুহূর্তে তাদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক, খোঁজ নেন তাদের পড়াশোনা ও দৈনন্দিন জীবনের। কিছুটা সময় একসঙ্গে কাটাতে পেরে যেন ঈদের আনন্দ নতুন মাত্রা পায়। শিশুরাও আনন্দঘন পরিবেশে তার সঙ্গে স্মরণীয় সময় অতিবাহিত করে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মুখে হাসি ফোটাতে পারে। এই শিশুরা আমাদেরই সন্তান। তাদের পাশে থাকা, তাদের ভালোবাসা দেওয়া—এটাই আমাদের মানবিক দায়িত্ব। আজ তাদের হাসিমুখ দেখে মনে হয়েছে, ঈদের আসল সৌন্দর্য এখানেই।”
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র আন্তরিকভাবে শিশুদের সাথে সময় কাটান। তিনি বলেন, “এই শিশুদের আনন্দই আমাদের প্রেরণা। পরিবার থেকে দূরে থেকেও তারা যেন কোনোভাবে ভালোবাসার অভাব অনুভব না করে, সে দায়িত্ব আমাদের সবার। ঈদ আমাদের শেখায় ভাগ করে নিতে, একে অপরের পাশে দাঁড়াতে—সেই চেতনায় আমরা তাদের সঙ্গে এই সময় কাটাতে পেরে আনন্দিত।”



