
নওগাঁয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী আম মেলা। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম এবং জেলা কৃষি উপ-পরিচালক মো. মঞ্জুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, “নওগাঁর আমের দেশজোড়া খ্যাতি রয়েছে। এই মেলার মাধ্যমে চাষিরা সরাসরি ভোক্তাদের কাছে বিষমুক্ত ও নিরাপদ আম পৌঁছে দেওয়ার সুযোগ পাবেন, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।”ক্রেতারা যাতে সঠিক মূল্যে ও নিরাপদ আম কিনতে পারেন, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। জেলা কৃষি উপ-পরিচালক মো. মঞ্জুর রহমান বলেন এবার আমের ফলন গত কয়েক বছরের তুলনায় ভালো হয়েছে।বিদেশে ১১ হাজার মেট্রিক টন আম রপ্তানি করার পরিকল্পনা রয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম জানান, মেলায় ল্যাংড়া, গোপালভোগ, আম্রপালি, ফজলি ও হাড়িভাঙ্গাসহ ৭৭ রকমের স্থানীয় ও উন্নত জাতের নানারকম আমের পসরা সাজিয়েছেন চাষিরা।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আম চাষিদের সাথে মতবিনিময় করেন। প্রথম দিনেই মেলা প্রাঙ্গণে ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানিয়েছেন, মেলা আগামী তিন দিন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
Leave a Reply