কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৯শ ১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়েছে।রবিবার (২৮ জুন) দুপুরের দিকে উপজেলার জামতলা মোড়ে পরিচালিত এ অভিযানে চোরাকারবারি বলরাম চন্দ্র সাহার গোডাউন থেকে এসব চাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে একটি সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহা বাড়ির পেছনের পথ দিয়ে পালিয়ে যান। পরে তার গোডাউন তল্লাশি করে ৯শত ১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়।
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে, জব্দকৃত চালগুলো উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি ও ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল।উদ্ধার করা চালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
পুলিশ জানায়,অভিযুক্ত বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদক ও চোরচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply