
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার দায়ে আব্দুল্লাহ (৩৮) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১ জুলাই) নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা জজ) এ.বি.এম. গোলাম রসূল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ কিশোরগঞ্জ উপজেলার নয়নখাল শাহপাড়া এলাকার আ. গফুরের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ জুলাই নয়নখাল শাহপাড়া এলাকায় বড় ভাইয়ের স্ত্রীকে বাড়িতে একা পেয়ে আব্দুল্লাহ ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে তাকে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও পর্যালোচনা শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পাবলিক প্রসিকিউটর মো. গোলাম মোস্তফা সজীব জানান, দীর্ঘ আট বছর পর মামলার রায়ে ভুক্তভোগী ন্যায়বিচার পেয়েছেন এবং তিনি আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
Leave a Reply