1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠিত

 ফিরোজ আলম মনু, কুড়িগ্রাম 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পঠিত
ফুল শিক্ষাবৃত্তি, মেধার রাজকীয় স্বীকৃতি এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও বৃত্তির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর জেলা পরিষদ হলরুমে ফাইট আনটিল লাইট (ফুল) এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দীন। কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম  প্রেসক্লাবের সভাপতি শফি খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এন. এম. শরীফুল ইসলাম খন্দকার প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন এনজিও সংগঠন ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবকদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহ প্রদান করা হয়।
প্রধান অতিথি কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দীন বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এই কাজটিই করে যাচ্ছে এনজিও সংগঠন ফুল। তিনি ফুল শিক্ষাবৃত্তির মতো উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
  বিশেষ অতিথি কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খান  বলেন, আর্থিক সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও সমান গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম তাঁর বক্তব্যে আয়োজক, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করার লক্ষ্যে শিক্ষাবৃত্তির কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য এনজিও সংগঠন ফুল এর প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার ৫  টি উপজেলায় ১৩৬ টি স্কুলের ৭০০ শিক্ষার্থীকে ফুল শিক্ষাবৃত্তি – ২০২৫  প্রদান করা হয়। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost