
সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত দক্ষ দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি নীলফামারী জেলা শাখা। রোববার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির রংপুর বিভাগীয় যুগ্ম আহ্বায়ক তহমিনা বেগম, জেলা আহ্বায়ক আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক শহিদার রহমান ও জাহেনুর রহমান।
বক্তারা বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসা দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত করা হচ্ছে। একই সঙ্গে তাদের পরিবর্তে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা দীর্ঘদিনের কর্মীদের প্রতি অবিচার।
তারা আরও বলেন, দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫ বাতিল করে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মচারীদের বয়স শিথিলের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ী নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছেন তারা। দাবি পূরণে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
Leave a Reply