
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে বিক্ষুব্ধ কৃষকেরা জোটবদ্ধ হয়ে এক সার ডিলারের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশের হস্তক্ষেপে ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকেই ওই ডিলার পয়েন্টে সার কেনার জন্য দুই শতাধিক কৃষক জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষা করেও ডিলার পয়েন্টের দরজা না খোলায় কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকেরা গুদামের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সার নিয়ে যেতে শুরু করেন।
খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গুদামে থাকা বাকি সার রক্ষা করা হয়। পরে পুলিশের উদ্যোগে ৩৩ জন কৃষক ৩৩ বস্তা ইউরিয়া সার ফেরত দেন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, শিলখুড়ি ইউনিয়নের সার ডিলার শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুল পর্যাপ্ত বরাদ্দ পেলেও কৃষকদের মধ্যে সার বিতরণে গড়িমসি করছিলেন। তাঁর নামে মোট ১ হাজার ৩২০ বস্তা সার বরাদ্দ থাকলেও গুদামে প্রায় ৩৪০ বস্তা সার মজুদ ছিল বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বাকি সার উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সার ডিলারের বক্তব্য জানা যায়নি। স্থানীয় কৃষকদের দাবি, সার বিতরণে অনিয়ম ও গড়িমসির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
Leave a Reply