
নওগাঁর বদলগাছিতে মোটর শ্রমিকের ঘর ব্যবহার দ্বন্দ্বে বিরোধ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত।
বদলগাছী পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি কার্যালয় ব্যবহারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার (৪৫)। উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার গোবরচাপা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুজাউল ইসলাম নামে মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক বহিষ্কৃত এক নেতার বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। সংঘর্ষের পর স্থানীয় লোকজনের মারধরে সুজাউলও আহত হয়েছেন। তাকে বদলগাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গোবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সুজাউল ইসলাম আওয়ামী লীগের কয়েকজন কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে ওই কার্যালয় ব্যবহার করছিলেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের বিরোধের একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতি শুরু হলে তা থামাতে এগিয়ে যান বিএনপি নেতা আবু রায়হান গিটার। এসময় সুজাউল ইসলাম তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে শাহীন নামের স্থানীয় এক যুবকও আহত হন। পরে স্থানীয় লোকজন সুজাউল ইসলামকে ঘিরে ধরে মারধর করেন। এতে তিনিও আহত হন। আহত আবু রায়হান গিটারকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আসাদুজ্জামান নাহিদ বলেন, আবু রায়হান গিটারের বুকের আঘাতটি বেশ গভীর। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। জরুরি চিকিৎসার প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতির সংকট থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে সুজাউল ইসলাম বলেন, আমার বাবা গত চার বছর ধরে ওই ঘরটি ব্যবহার করে আসছেন। এখন বিএনপি নেতা গিটারের লোকজন আমাদের ঘরটি ব্যবহার করতে বাধা দিচ্ছেন। এ নিয়ে গোলযোগের সৃষ্টি হয়েছে।
Leave a Reply