
সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় আগুনে পুড়ে ১৬ জন নিহতের নওগাঁর ৭ জনের মরদেহ দেশে পৌঁছানোর পর আজ জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
গত বৃহস্পতিবার বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ। এর মধ্যে ৭ জনেরই বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। রাত দেড়টার দিকে প্রশাসনের সহায়তায় মরদেহগুলো আত্রাইয়ে আনা হয়।
আজ শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে ৭ জনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় আত্রাই রানীনগর নওগাঁ০৬ আসনের সংসদ সদস্য রেজু শেখ বলেন “নিহতদের পরিবারকে ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড থেকে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আত্রাই বাসিকে নিহতে পরিবারের পাশে থাাকার আহবান জানান নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ।
জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর স্বজনরা তাদের প্রিয়জনের মরদেহ নিয়ে নিজ নিজ গ্রামের উদ্দেশে রওনা হন। বুকফাটা কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
সৌদি দূতাবাসের তালিকা অনুযায়ী নিহত ৭ জন হলেন: উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামানিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।
বাকি ৯ জনের মরদেহ শনাক্ত ও দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
Leave a Reply