1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

বেইমান–সুবিধাবাদীদের ‘আগাছা’ পরিষ্কারের ডাক, নীলফামারী বিএনপিতে শুদ্ধির বার্তা তুহিনের

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

দলের ভেতরে থেকে দলের সঙ্গে বেইমানি করা, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বেইমান ও সুবিধাবাদীদের বাদ দিয়ে তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নীলফামারীতে ‘শুদ্ধ ও ঐক্যবদ্ধ বিএনপি’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী সার্কিট হাউজে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক দুর্বলতা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয়ের ঘাটতি, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন তুহিন।
তুহিন বলেন, দলের ভেতরে থেকে যারা দলের সঙ্গে বেইমানি করেছে এবং নীলফামারীর মানুষকে ঠকিয়েছে, তাদের বিষয়ে দলকে কঠোর হতে হবে। দলের পরিচয় ব্যবহার করে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত এবং রাজনৈতিক সুবিধা নেওয়া ব্যক্তিদেরও কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়।
তিনি বলেন, ‘বিএনপির ভেতরে থাকা সুবিধাবাদী আগাছা পরিষ্কার করতে হবে। ত্যাগী, পরীক্ষিত ও আদর্শবান নেতাকর্মীদের নিয়েই নীলফামারীতে একটি শুদ্ধ, শক্তিশালী ও ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলতে হবে।’
মতবিনিময় সভায় উঠে আসা এসব অভিযোগ, সাংগঠনিক সমস্যা ও তৃণমূলের নানা বিষয় কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দের কাছেও অবহিত করার কথা বলেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়গুলো শুনে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয় সভায়।
নেতাকর্মীরা বলেন, দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলকারী কিংবা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের কারণে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে নজর দেওয়া হলে নীলফামারীতে দলের সাংগঠনিক শৃঙ্খলা আরও শক্তিশালী হবে বলে তারা মনে করেন।
তুহিন বলেন, ব্যক্তি নয়, দলই সবার আগে। বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূলের প্রকৃত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে এবং দলের শৃঙ্খলা ও ঐক্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে হবে।
সভায় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost