
নীলফামারীর ডিমলা সীমান্তে ২১ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৫২ হাজার টাকাসহ মো. মোস্তাকিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তেলিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন থানারহাট বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্র জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ৭৯০ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলিয়াপাড়া মোড়ে মাদক বিক্রির জন্য একটি চক্র অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মোস্তাকিমকে আটক করা হয়।
পরে তাঁর দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২১ পিস ইয়াবা, দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড, একটি মোটরসাইকেল, একটি স্কুলব্যাগ ও নগদ ১ লাখ ৫২ হাজার টাকা জব্দ করা হয়। বিজিবির হিসাবে জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।
আটক মোস্তাকিম ডিমলা উপজেলার শোভনগঞ্জ ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের সবুর উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাকিমের দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত আরও দুজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন মো. মোকলেস হোসেন ও মো. জহির উদ্দিন ওরফে জুয়েল। তাঁদের বাড়ি ডিমলার ঝাড়সিংহেশ্বর গ্রামে।
আটক মোস্তাকিমকে জব্দ করা আলামতসহ ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
Leave a Reply