
নওগাঁর বদলগাছীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক সহকারী শিক্ষিকা নিহত এবং অপর এক শিক্ষিকা আহত হয়েছেন। একই ঘটনায় নিহত শিক্ষিকার মৃত্যুর খবর শুনে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরপর দুটি মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চাকরাইল বটতলী মোড় এলাকায় গোড়শাহী দিক থেকে আসা একটি সিএনজি ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে কুলছুম নিহত হন। তিনি উপজেলার দর্গাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় একই বিদ্যালয়ের আরও এক শিক্ষিকা আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম আক্তার তার প্রিয় শিক্ষিকার মৃত্যুর সংবাদ দেখে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান নাহিদ বলেন,
“হঠাৎ অসুস্থ হয়ে ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকর্মীরা জানান, এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু এবং আরেক শিক্ষিকার আহত হওয়ার ঘটনায় পুরো বিদ্যালয়ে শোকের পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীদের মাঝেও গভীর বিষাদের ছাপ দেখা গেছে।
বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন,
“সড়ক দুর্ঘটনায় একজন স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। পরে তার মৃত্যুর খবর শুনে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
একটি দুর্ঘটনা ও পরপর দুটি প্রাণহানির ঘটনায় পুরো বদলগাছী এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
Leave a Reply