
নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের ডোমার সড়কে অবস্থিত ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক মোস্তাকিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব আরিফ আল মামুন। এতে বক্তব্য দেন সংগঠনের সদস্য মইনুল ইসলাম, এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলম অতীতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি বিগত সরকারের সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তারা দাবি করেন, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের সময়ে ব্যাপক অনিয়ম ও লুটপাট সংঘটিত হয়েছে, যার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
সমাবেশে সদস্য সচিব আরিফ আল মামুন বলেন, “এস আলম গ্রুপের চেয়ারম্যানের ছেলের এক বন্ধুকে ব্যবসার নামে ২৩২ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। এছাড়াও বিভিন্ন নামসর্বস্ব প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণ ঋণ প্রদান করা হয়েছে, যা মূলত অনিয়ম ও লুটপাটের অংশ ছিল।”
মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে বিতর্কিত ব্যক্তিদের দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান।
সংগঠনের আহ্বায়ক মোস্তাকিমুল ইসলাম বলেন, “আমরা অবিলম্বে চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবি করছি। অন্যথায় আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
Leave a Reply