
কুড়িগ্রাম সদর হাসপাতালকে পরিচ্ছন্ন ও রোগমুক্ত রাখতে এক বিশাল পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কুড়িগ্রাম সদর উপজেলা শাখা।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলা এই কার্যক্রমে হাসপাতালের চারপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং মশা-মাছি নিধনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম সদর উপজেলার আহ্বায়ক শাজাহান আলী সুমন। এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলার সদস্য সচিব।
এসময় পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন মেরিনা পারভীন সদস্য সচিব নারী শক্তি, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখা। আসাদুজ্জামান সরকার, মিডিয়া সেল ও যুগ্ম আহবায়ক এনসিপি কুড়িগ্রাম জেলা শাখা। মমিনুল হক মামুন সাংগঠনিক সম্পাদক এনসিপি কুড়িগ্রাম সদর উপজেলা শাখা। জাহিদ হাসান আহ্বায়ক, জাতীয় ছাত্র শক্তি কুড়িগ্রাম জেলা শাখা। ইয়াকুব আলী আইয়ুব, সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা ও টিম লিডার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান। এছাড়া এনসিপি’র বিভিন্ন আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, নারী শক্তির নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে শাজাহান আলী সুমন বলেন, “আমরা আজ আনুষ্ঠানিকভাবে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করলাম। আমি চাই, আমাদের এই কর্মসূচি যেন চলমান থাকে এবং সব রাজনৈতিক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দেশের স্বার্থে এ ধরনের কাজে এগিয়ে আসে।” তিনি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মোজাহিদকে বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন, “মাননীয় এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় হাসপাতালের শৃঙ্খলা কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাঁর মাধ্যমেই দৈনিক ১০০০ টাকা মজুরিতে ৬ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া শিশু বিভাগে নতুন ডাক্তার যোগদান করেছেন এবং আরও ৫ জন চিকিৎসককে নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।”
জেলা নারী শক্তির সদস্য সচিব মেরিনা পারভীন তাঁর বক্তব্যে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, “এই পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়মিতভাবে চলমান রাখতে হবে। হাসপাতালকে নোংরা করা এক অর্থে সাধারণ জনগণের অভ্যাসে পরিণত হয়েছে। আমরা নিজেরা যদি সচেতন না হই এবং হাসপাতালকে পরিষ্কার না রাখি, তবে শুধু অভিযান চালিয়ে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। তাই সবার আগে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।”
এছাড়াও অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন সহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। এবং স্থানীয় জনগণ ও সচেতন মহল মনে করছেন, এই ধরণের উদ্যোগ ও জনসচেতনতা অব্যাহত থাকলে কুড়িগ্রাম সদর হাসপাতালের সেবা আরও উন্নত হবে এবং রোগীরা উপকৃত হবেন।
Leave a Reply